সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেছেন, সুষ্ঠু সমাজ ও রাষ্ট্রে শান্তি বজায় রাখতে এবং অপরাধ প্রবণতা কমাতে আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষ ভূমিকা এবং নাগরিকদের আইন মেনে চলার প্রবণতা অপরিহার্য, যা সামাজিক স্থিতিশীলতা ও আইনের শাসন নিশ্চিত করে। জাতি, ধর্ম, বর্ণ বা পদ-পদবী নির্বিশেষে সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হতে হবে। সরকার থেকে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত আইন মেনে চলা বাধ্যতামূলক। আইন প্রয়োগকারী সংস্থাকে নিরপেক্ষভাবে অপরাধ প্রতিরোধ ও শনাক্ত করতে হবে। সমাজ ও রাষ্ট্রের শান্তির স্বার্থে, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আইন মেনে চলা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফেব্রুয়ারি মাসের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাসের পরিচালনায় সভার শুরুতে গত সভার কার্যবিবরণী পাঠ ও গৃহীত সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা শেষে তা অনুমোদন করা হয়।
সভায় জকিগঞ্জের আলোচিত ব্যবসায়ী নুমান হত্যা মামলার সর্বশেষ অবস্থা, অবৈধ টমটম ও মাটি বোঝাই ট্রাক্টর চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি, চুরি, ডাকাতি ও মাদক নির্মূল এবং নদী ভাঙন রোধ নিয়ে ব্যাপক আলোচনা হয়।
সভায় জকিগঞ্জ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



