কিশোরগঞ্জের ভৈরবের আকবরনগর বাসস্ট্যান্ড বাজারে কাঠবোঝাই ট্রাকের চাপায় দু’জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
শুক্রবার (২৩ মে) সকাল ৮টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের আকবর নগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর গ্রামের আঙ্গুর মিয়া (৪৫) ও একই ইউনিয়নের আকবরনগর গ্রামের মো: হালিম মিয়া (৬০)।
স্থানীয়রা জানায়, আজ সকালে আকবরনগর-মিরারচর বাসস্ট্যান্ডে মালবাহী ট্রাক অসাবধানতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে মুরগী বাজারের উপরে উঠে পড়ে। এতে আকবরনগর গ্রামের আলিম মিয়া নামের এক ব্যক্তি ও ঝগড়ারচর গ্রামের পশ্চিম পাড়ার মো: আঙ্গুর মিয়া নামে একজনসহ মোট দু’জন নিহত হয়েছে এবং পাঁচজন আহত হয়েছে।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাবুর রহমান বলেন, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি কাঠবোঝাই ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। এসময় ট্রাকচাপায় দু’টি সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজির যাত্রীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক পলাতক রয়েছে।



