সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায়ও হামের প্রাদুর্ভাব মোকাবেলায় শিশুদের হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এর আওতায় সাড়ে পাঁচ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে।
সোমবার (২০ এপ্রিল) সকালে শহরের অবকাশ এলাকার বিয়াম ল্যাবরেটরি স্কুলে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আবু সাঈদ।
সিভিল সার্জন ডা: মো: নোমান মিয়া বলেন, ‘টিকাদান কর্মসূচির আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টি উপজেলায় সাড়ে পাঁচ লাখ শিশুকে টিকা দেয়া হবে। নয়টি উপজেলার ১১টি স্থায়ী ও দু’হাজার ৪৩৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে আগামী ১০ মে পর্যন্ত টিকাদান কর্মসূচী চলমান থাকবে।‘
এ সময় জেলার সিভিল সার্জন ডা: মোহাম্মদ নোমান মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরিফুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচীর আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেয়া হবে।



