নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা
নাটোরের নলডাঙ্গায় স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন দণ্ডনীয় অপরাধ এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হ্যান্ডবিল বিতরণ করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নলডাঙ্গা থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহানের উদ্যোগে স্থানীয় স্বর্ণালংকার দোকানও বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে এসব হ্যান্ডবিল বিতরণ করা হয়।
হ্যান্ডবিলে স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানানো হয়। একই সাথে অনুমোদনহীন বা অবৈধভাবে স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, ‘আইনবহির্ভূতভাবে স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ প্রতারণা বা আর্থিক ক্ষতির শিকার হতে পারেন।’
তাই সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
নলডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।



