সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

অপারেশন দল বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ী, কম্বল, মদ এবং বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করতে সক্ষম হয়।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
প্রেস ব্রিফিং
প্রেস ব্রিফিং |নয়া দিগন্ত

সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক দুই কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি।

রোববার ( ১৬ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫-১৬ আগস্ট দুইদিনব্যাপী সিলেট ব্যাটালিয়ন হতে একটি বিশেষ অপারেশন দল এবং অধীনস্থ বিওপি সমূহ কর্তৃক বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অপারেশন দল সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা, চা পাতা, ফুচকা, শাড়ী, কম্বল, মদ এবং বিভিন্ন কসমেটিক্স সামগ্রী জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য দুই কোটি ৫০ লাখ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বিজিওএম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে এ সকল চোরাচালানী মালামাল আটক করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বোতভাবে অব্যাহত থাকবে।

আটককৃত চোরাচালানী মালামাল সমুহের সরকারী বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।