অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী

উখিয়া–টেকনাফকে সন্ত্রাস ও ইয়াবামুক্ত করতে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে

‘সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত ন্যায়–ইনসাফভিত্তিক সুখী ও সমৃদ্ধ উখিয়া–টেকনাফ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।’

হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার)

Location :

Ukhia
নয়া দিগন্ত

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেছেন, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত ন্যায়–ইনসাফভিত্তিক সুখী ও সমৃদ্ধ উখিয়া–টেকনাফ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে।

তিনি বলেন, এবার কোনো ভয়ভীতি, ষড়যন্ত্র বা অপচেষ্টা দাঁড়িপাল্লার বিজয় ঠেকাতে পারবে না। সীমান্ত জনপদের মানুষ এখন সচেতন,তাদের আর বোকা বানানো যাবে না।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা স্টেশন এলাকায় হ্নীলা ইউনিয়ন জামায়াত আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লা থেকে মিছিল নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ সমবেত হন।

অধ্যক্ষ আনোয়ারী বলেন, বছরের পর বছর একটি পরিবার ক্ষমতা ভোগ করবে আর সাধারণ মানুষ শোষিত হবে, এ অবস্থা থেকে মুক্তি চায় উখিয়া–টেকনাফের জনগণ। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা আমাকে সংসদে পাঠান, আমি উন্নয়নে ভরে দেব পুরো উখিয়া–টেকনাফ।

নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, নাফ নদী ও স্থলবন্দরকেন্দ্রিক অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো হবে, নাফ ট্যুরিজম উন্নয়ন করা হবে, এনজিওতে স্থানীয়দের চাকরি নিশ্চিত করা হবে। দমদমিয়া থেকে সেন্টমার্টিন ঘাট চালু, পানখালী থেকে বাহারছড়া পাহাড়ি সড়ক সংযোগ, হ্নীলা ও হোয়াইক্যংয়ে ফায়ার সার্ভিস স্থাপন, ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ, হ্নীলা পুরাতন বাজারের মিনি বন্দর সচল করা হবে। পাশাপাশি হ্নীলা উচ্চ বিদ্যালয়ের মাঠকে মিনি স্টেডিয়ামে রূপান্তর, মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ, শাহপরীরদ্বীপ করিডোর চালু, মেরিন ড্রাইভ সড়ক আধুনিকায়ন এবং অপহরণ ও ইয়াবামুক্ত এলাকা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

অধ্যক্ষ আনোয়ারী আরো বলেন, আপনাদের যেকোনো সমস্যার জন্য আমার পেছনে পেছনে ঘুরতে হবে না। আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, আমি নিজেই এলাকায় ঘুরে দেখব, কোথায় কী প্রয়োজন তা নির্ধারণ করে কাজ বাস্তবায়ন করব। সকল দলের মানুষকে সঙ্গে নিয়ে উখিয়া–টেকনাফকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলব।

পথসভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল্লাহ এবং সঞ্চালনা করেন হ্নীলা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা গিয়াস উদ্দিন নিজামী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম শাহজালাল চৌধুরী এবং উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী।

এছাড়া বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোসাইন ছিদ্দিকী, অফিস সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, টেকনাফ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফোরকান আহমদ, সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার, এনসিপি কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক ওমর ফারুক, শিবিরের সাবেক জেলা সভাপতি শফিউল আলম খন্দকারসহ জামায়াত, এনসিপি, খেলাফত মজলিস ও বিভিন্ন রাজনৈতিক–সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পথসভা শেষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং এলাকাজুড়ে নির্বাচনী আমেজ সৃষ্টি হয়।