রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকার অপহৃত ব্যবসায়ী শ্যামল ভুঁইয়াকে উদ্ধারের দাবিতে স্ত্রী লাকি আক্তার সংবাদ সম্মেলন করেছেন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন
রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকার অপহৃত ব্যবসায়ী শ্যামল ভুঁইয়াকে উদ্ধারের দাবিতে স্ত্রী লাকি আক্তার সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (১৭ জুন) রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লাকি আক্তারের ভাসুর (স্বামীর বড় ভাই) মিলন ভুঁইয়া, জা (স্বামীর ভাইবৌ) শাকিলা কামাল সেতু, মেয়ে সিলভিয়া ভুঁইয়া, প্রতিবেশী বাদশা মিয়া প্রমুখ।

সংবাদ সম্মেলনে গৃহবধূ লাকি আক্তার বলেন, রূপগঞ্জের রূপসী গ্রামের শ্যামল ভুঁইয়া দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। জমি সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে গত ৬ জুন রূপসী গ্রামের মীর মোশারফ হোসেনের নেতৃত্বে ৭/৮জন সন্ত্রাসী রামদা, ছুরি ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা শ্যামল ভুঁইয়া ও তার বড় ভাই মিলন ভুঁইয়ার বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করে আসবাবপত্রসহ ৮ লাখ টাকার বেশি মালামাল লুটে নেয়।

এ সময় দুর্বৃত্তরা বাড়ির নারীদের টানা-হেঁচড়া ও শ্লীলতাহানী করে।

এ ঘটনায় জীবনের নিরাপত্তাহীনতায় লাকি আক্তার স্বামীর সাথে বাড়ি ছেড়ে নিরাপদে যাওয়ার পথে গত ৭ জুন ভোরে ৫/৬ সদস্যের একদল সন্ত্রাসী অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে লাকিদের ওপর হামলা চালায়। হামলাকারীরা শ্যামল ভুঁইয়া ও তার স্ত্রী লাকি আক্তারকে বেদম প্রহার করে। টানা-হেঁচড়া করে লাকি আক্তারকে শ্লীলতাহানী করে।

একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে লাকি আক্তারের স্বামী ব্যবসায়ী শ্যামল ভুঁইয়াকে অপহরণ করে নিয়ে যায়। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে লাকি আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত লাকি আক্তারের স্বামী ব্যবসায়ী শ্যামল ভুঁইয়াকে উদ্ধার করা যায়নি। গৃহবধূ লাকি আক্তার ও তার পরিবারের সদস্যরা অপহৃত ব্যবসায়ী শ্যামল ভুঁইয়াকে উদ্ধার করে অপহরণকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, ব্যবসায়ী শ্যামল ভুঁইয়া অপহরণের ঘটনায় তার স্ত্রী লাকি আক্তার বাদী হয়ে রূপসী গ্রামের মীর মোশারফ হোসেনসহ ৮জনকে নামীয় ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘অপহরণের ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’