চুয়াডাঙ্গায় জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, শহীদ হাসান চত্বর ও মুক্তমঞ্চকে যথাযথভাবে সংরক্ষণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড।
একই সাথে স্মৃতিফলকে খোদাই করা শহীদ মুক্তিযোদ্ধাদের নামসমূহ সহজে পাঠযোগ্য ও বড় হরফে প্রদর্শনেরও আবেদন জানানো হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টায় শহরের ঐতিহাসিক শহীদ হাসান চত্বরের মুক্তমঞ্চে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা এসব দাবি তোলেন।
সমাবেশে চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম এতই ছোট ও অস্পষ্ট হরফে লেখা হয়েছে যে, খুব কাছ থেকে না দেখলে তা পড়া যায় না। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা অনতিবিলম্বে এসব নাম বড় এবং স্পষ্ট হরফে পুনর্লিখনের জোর দাবি জানাচ্ছি।’
তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান হাসানের স্মৃতিবিজড়িত ‘শহীদ হাসান চত্বর’ ও এর সংলগ্ন মুক্তমঞ্চের যথাযথ সম্মান ও সৌন্দর্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
সমাবেশ থেকে এক মানবিক ও উদার আহ্বান জানিয়ে বীর মুক্তিযোদ্ধারা বলেন, সম্প্রতি শহীদ হাসান চত্বর এলাকা থেকে যেসব ক্ষুদ্র ব্যবসায়ীকে উচ্ছেদ করা হয়েছে, তাদের জীবিকার স্বার্থে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন।
চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শামসুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা রাহাতুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।



