সারজিস আলম

'সংস্কার প্রক্রিয়া আটকে দিয়েছে আওয়ামী ফ্যাসিস্টরা'

জনসাধারণের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আপনারা দুটি ভোট দিয়েছেন, একটি সরকারের ফল পেয়েছেন, অন্যটির ফল পাননি। বিএনপি গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করেনি। যারা ক্ষমতার অপব্যবহার করে না, নিপীড়িত মানুষের পক্ষে থাকে এবং ভালো কাজ করে, জনগণের উচিত তাদের পাশে থাকা।’

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

Location :

Chatmohar

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করে বলেছেন, আওয়ামী ফ্যাসিস্টরা বিএনপির ভেতরে ঘাপটি মেরে থেকে সংস্কার প্রক্রিয়া আটকে দিয়েছে। তিনি বলেন, ‘আমরা আগামীর বাংলাদেশে আর কাউকে নতুন করে শেখ হাসিনা হতে দেব না।’

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টায় পাবনার চাটমোহর উপজেলা সদরের বালুচর খেলার মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘বর্তমান সরকারের শতাধিক সমস্যার কথা বলা যায়। চাঁদাবাজি, দখল, লুটপাট ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠছে। শিক্ষাপ্রতিষ্ঠান দখলের প্রবণতায় শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাসপাতালেও সেবার মান নিয়ে মানুষের অভিযোগ রয়েছে। প্রশাসনের ব্যবহারের ক্ষেত্রেও অতীতের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা শুধু নিজের নয়, দলেরও ক্ষতি করেছেন। একই ধরনের রাজনীতি করলে যে কারো একই পরিণতি হতে পারে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ব্যক্তি বা দলের কর্তৃত্ববাদী শাসনের পুনরাবৃত্তি হবে না।’

জনসাধারণের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘আপনারা দুটি ভোট দিয়েছেন, একটি সরকারের ফল পেয়েছেন, অন্যটির ফল পাননি। বিএনপি গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করেনি। যারা ক্ষমতার অপব্যবহার করে না, নিপীড়িত মানুষের পক্ষে থাকে এবং ভালো কাজ করে, জনগণের উচিত তাদের পাশে থাকা।’

তিনি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, ‘জুলাই অভ্যুত্থানের আগে বাংলাদেশ পুলিশকে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা চাই পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সব প্রতিষ্ঠান তাদের পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে জনগণের আস্থা ও সম্মান পুনরুদ্ধার করুক। ক্ষমতাসীন যে দলই হোক, তারা আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে। কিন্তু পেশাদারিত্ব ও বিবেকবোধ অক্ষুণ্ন রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সমাবেশে আরো বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব এস এম জাহিদ মুস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, পাবনা জেলা শাখার আহ্বায়ক খন্দকার আকতার হোসেন লেবু এবং চাটমোহর উপজেলা শাখার সদস্যসচিব খাইরুল ইসলাম।

সমাবেশে আগামী চাটমোহর পৌরসভা নির্বাচনে মেয়র পদে এনসিপির সম্ভাব্য প্রার্থী হিসেবে খন্দকার আকতার হোসেন লেবুর নাম ঘোষণা করা হয়।