সোনাগাজীতে তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা

ফেনীর সোনাগাজীতে ইউনিয়ন তাঁতি দল নেতা আইয়ুব নবী তারেককে ইফতারের পর ডেকে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
আইয়ুব নবী তারেক
আইয়ুব নবী তারেক |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীতে আইয়ুব নবী তারেক (২৬) নামের এক ইউনিয়ন তাঁতি দল নেতাকে ডেকে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে।

গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর উপজেলার বগাদানা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গুনক গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের রক্তাক্ত লাশ ও একটি রামদা উদ্ধার করেছে।

নিহত আইয়ুব নবী তারেক ওই এলাকার কামাল উদ্দিনের ছেলে এবং ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

নিহতের পরিবারের দাবি, ওই দিন তারেক ইফতার করতে মসজিদে যান। সেখানে একই বাড়ির চাচাত ভাই সাঈদুর রহমান পারিবারিক সমস্যার কথা বলে মসজিদের পাশে বাগানে ডেকে নিয়ে যান। সেখানে সাঈদুর, নাহিদ, শরীফ ও তাদের পরিবারের লোকজন মিলে তারেকের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।

তারেকের বাবা কামাল উদ্দিন বলেন, ইফতারের পর মসজিদ থেকে আমাদের বাড়ির সাঈদ, নাহিদ, শরীফ ডেকে নিয়ে যায়। সেখানে সবাই মিলে আমার সন্তানকে হত্যা করে। আমি এর বিচার চাই। তাদের পরিবারের মধ্যে সমস্যা, তাই আমার ছেলেকে বারবার ডেকে নিয়ে যায়, ঘটনার দিনও ডেকে নিয়ে আমার ছেলেকে হত্যা করা হয়।

একই বাড়ির আবদুল গফুর জানান, কিছুদিন আগে স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুল হক চৌধুরীর কাছে নাহিদ অভিযোগ করেছিলেন যে তার স্ত্রীর সাথে তারেকের পরকীয়ার সম্পর্ক রয়েছে। বিষয়টি নিয়ে তারেককে জিজ্ঞাসাবাদের জন্য বলেন অভিযুক্ত নাহিদ

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হোসেন বলেন, পারিবারিক পূর্ব-বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। অধিকতর তদন্তের পর বিষয়টির আসল রহস্য বেরিয়ে আসবে।