বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা

বগুড়ার নন্দীগ্রামে পূর্বশত্রুতার জেরে মিলন হোসেন (১৭) নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Nandigram
নিহত মিলন হোসেন
নিহত মিলন হোসেন |সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রামে পূর্বশত্রুতার জেরে মিলন হোসেন (১৭) নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে মসজিদের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মিলন ওই গ্রামের দিলবর আলীর ছেলে ও বুড়ইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের বখাটে যুবক শামিমের সঙ্গে মিলনের প্রতিবেশী নবীর শেখের তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডা হয়। বৃহস্পতিবার রাতে মিলন স্থানীয় মসজিদে তারাবির নামাজ আদায় শেষে বাইরে দাঁড়িয়ে ছিল। এ সময় শামিমের নেতৃত্বে ৫ থেকে ৭টি মোটরসাইকেলে ১০-১৫ জন যুবক সেখানে এসে কোনো কথাবার্তা ছাড়াই মিলনকে লক্ষ্য করে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।