ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত-বিএনপি উত্তেজনা

জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন। তিনি সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারের নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা করেননি।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
নীলফামারীর ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে বেরিয়ে আসেন সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার
নীলফামারীর ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে বেরিয়ে আসেন সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার |নয়া দিগন্ত

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সংসদ সদস্যের নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা না করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় অনুষ্ঠান ত্যাগ করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলার ডোমার হাইস্কুল মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন। তিনি সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারের নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা করেননি। এক পর্যায়ে তিনি অনুষ্ঠান ছেড়ে বের হওয়ার সময় বিএনপির কিছু নেতাকর্মী সংসদ সদস্যকে উদ্দেশ্য করে রাজাকার ও স্বাধীনতাবিরোধী বলে স্লোগান দেন। এ সময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

তবে অভিযোগ অস্বীকার করে মাসুদ বিন আমিন সুমন বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া স্ক্রিপ্টে প্রধান অতিথি উল্লেখ ছিল না। এরপরেও এমপি মহোদয়কে যথাযথ সম্মান দিয়ে আসন গ্রহণের অনুরোধ করা হয়েছিল এবং তিনি আসনও গ্রহণ করেন। কিছু দুষ্কৃতিকারী অনুষ্ঠানটি ভণ্ডুল করতে উত্তেজিত হয়ে আজেবাজে ভাষায় গালাগালি করে।’

সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান, সুন্দরভাবে অনুষ্ঠান চলছিলো। তবে এ ধরনের অনুষ্ঠানে দলীয় কাউকে না দিয়ে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সঞ্চালনা করা উচিত। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে খেয়াল রেখে ভবিষ্যতে এসব বিষয় আরো সুন্দরভাবে আয়োজন করার আহ্বান জানান তিনি।

ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল, তবে পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।