নাটোরের লালপুরে ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে এসকেন আলী ভোলা (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শাপলা খাতুন (৩০) ও সুফিয়া (৫০) নামে দুই নারী।
বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজীপুর এলাকায় সুপার ইটভাটায় কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহত এসকেন আলী ভোলা উপজেলার বালিতিতা গ্রামের মরহুম আদুর ছেলে। আহত শাপলা খাতুন জোতদৈবকি এলাকার ফিরোজ শেখের স্ত্রী ও সুফিয়া খাতুন পলানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজীপুর সুপার ইটভাটায় এসকেন আলী ভোলাসহ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। সকাল থেকে আকাশ মেঘলা ছিল। হঠাৎ বিদ্যুৎ চমকে একটি বজ্রপাত তাদের ওপর পড়লে তিনজন গুরুতর আহত হন।
এ সময় ইটভাটার লোকজন তাদের দ্রুত উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এসকেন আলী ভোলাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত শাপলা খাতুন ও সুফিয়া খাতুনকে চিকিৎসা প্রদান করা হয়। আহত শাপলা খাতুন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



