কালুখালীতে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, বহিষ্কার ৫

এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার ও অসদুপায় অবলম্বনের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

Location :

Kalukhali
কালুখালী মহিলা কলেজ
কালুখালী মহিলা কলেজ |নয়া দিগন্ত

কালুখালী (রাজবাড়ী) সংবাদদাতা

রাজবাড়ীর কালুখালীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার ও অসদুপায় অবলম্বনের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, বহিষ্কৃত পাঁচ পরীক্ষার্থীই কালুখালী সরকারি কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে একজন ছাত্রী ও বাকি চারজন ছাত্র। পরীক্ষা চলাকালে তারা মোবাইল ফোন ব্যবহার ও অসদুপায় অবলম্বন করায় তাদেরকে বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব ও অধ্যক্ষ শিকদার মমতাজ আহম্মেদ।

এদিকে, পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার হলে কোনো ধরনের অসাধু উপায় অবলম্বনের সুযোগ নেই। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।