সুনামগঞ্জে হাওরের বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ

বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির আয়োজনে স্থানীয় পলাশ বাজারের গণসমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের বিশ্বম্ভপুর উপজেলার আহ্বায়ক নুরুল আলম সাগর।

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj
প্রতিবাদ-গণসমাবেশ
প্রতিবাদ-গণসমাবেশ |নয়া দিগন্ত

সুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রতিবাদ ও গণসমাবেশ কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জের সামাজিক সংগঠন হাওর ও নদী রক্ষা আন্দোলন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির আয়োজনে স্থানীয় পলাশ বাজারের গণসমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের বিশ্বম্ভপুর উপজেলার আহ্বায়ক নুরুল আলম সাগর।

সদস্য সচিব এমদাদুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, খরচার হাওরের কৃষক মতিউর রহমান, রতিশ দেবনাথ, আঙ্গারুলী হাওরের কৃষক আব্দুল মতিন, আব্দুস সালাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সভাপতি মো: রাজু আহমেদ, সহ-সভাপতি ওবায়দুল মুন্সী, সাধারণ সম্পাদক মো: ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক ইমরান হাসান, দফতর সম্পাদক আফজাল হোসেন, সদস্য মতিউর রহমান।

উপজেলা কমিটির মধ্যে বক্তব্য রাখেন আতাউর রহমান টিপু, বিল্লাল হোসেন, আবুল কাশেম, তৌহিদুল ইসলাম, আব্দুর রউফ, নাসির আহমেদ ওয়াসিম, ইব্রাহিম হোসেন, রাকিব আহমেদ, হারিছ আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, সুনামগঞ্জের একটিমাত্র বোরো ফসল রক্ষায় হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি হয়েছে।

অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে বক্তারা বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে হাওর ও নদী রক্ষা আন্দোলন নিয়মিতভাবে প্রতিবাদ করে যাচ্ছে।

তারা আরো জানান, বিভিন্ন পিআইসি পরিদর্শন করে অনিয়মের তথ্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু দৃশ্যমান কার্যকর কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না।

বক্তারা আরো বলেন, অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মানের ফলে সুনামগঞ্জে সব হাওরেই হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। কৃষকরা সেই ধান আর রক্ষা করতে পারবেন কিনা শঙ্কায় আছেন।

অপরিকল্পিত বাঁধ ও অপ্রয়োজনীয় পিআইসির কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দেয়ার দাবি করে বলেন, যারা এ অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি দিয়ে সুনামগঞ্জ থেকে অপসারণ করতে হবে।

না হলে কৃষকদের নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলার কথা জানান বক্তারা।