সুনামগঞ্জের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্টে হক সুপার মার্কেটে আগুন লেগে ১৭-১৮টি দোকান পুড়ে গেছে।
রোববার (২৯ মার্চ) রাত সোয়া ১১টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে।
সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে জেলা ফায়ার সার্ভিস ইউনিট, শান্তিগঞ্জ, বিশ্বম্ভরপুর ফায়ার সার্ভিসের ইউনিটসহ পাঁচটি ইউনিট এসে আগুন নেভাতে যোগ দেয়। প্রাথমিকভাবে এ রির্পোট লেখা পর্যন্ত এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে স্থানীয়দের ধারণা প্রায় ১৫ কোটি টাকার মালামাল পুড়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আগুনের লেলিহান শিখা নিয়ন্ত্রণে আনার জন্য পানির হাহাকার পড়েছিল, তখন পাশে কোনো জলাশয় খুঁজে পাচ্ছিলেন না দমকলকর্মীরা। এ কারনে আগুন নেভাতে অনেকটা দেরি হয়েছে ক্ষতির পরিমাণকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শহরের প্রাণকেন্দ্রে পর্যাপ্ত পানির উৎসের এই অভাব এক বড় সতর্কবার্তা দিয়ে গেছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ বলেন, ‘আমি খবর পেয়েই দ্রুত ঘটনা স্থলে আসি। ফায়ার সার্ভিস, স্থানীয়রাসহ সবাই কাজ করি। প্রাথমিকভাবে জানা গেছে ১৭-১৮টি দোকান পুড়েছে। তার মধ্যে বেশ কয়েক জন ব্যবসায়ির দোকান পুড়ে শেষ। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সাথে স্থানীয় জনতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যও এসে যোগ হয়ে প্রায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’



