ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পথশিশু পুনর্বাসন ও সহায়তা ফাউন্ডেশনের (পিপিএসএফ) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী সংবর্ধনা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে গফরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পথশিশু পুনর্বাসন ও সহায়তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ রায়হান।
পথশিশু পুনর্বাসন ও সহায়তা ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলায় ২৭টি সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মানবিক সমাজ বিনির্মাণে তরুণ স্বেচ্ছাসেবীদের ভূমিকা অপরিসীম। পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে পথশিশু পুনর্বাসন ও সহায়তা ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনুষ্ঠানে সংগঠনের বিগত ৬ বছরের বিভিন্ন মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রমের চিত্র তুলে ধরা হয় এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে সেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমাজসেবা মূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি মানবিক কাজে নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবীদের সংবর্ধনাসহ বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।



