খাগড়াছড়ির রামগড়ে সড়ক অভিযানে নারী-শিশুসহ ১৬ জন যাত্রী বহনের অভিযোগে সিএনজিচালিত এক অটোরিকশায়সহ সাতটি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ সময় মোট সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার সোনাইপুল চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজির আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরিচালিত এ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশায় চালক ও শিশুসহ মোট ১৬ জন যাত্রী বহনের ঘটনা ধরা পড়ে। এ সময় অটোরিকশায় নয় শিশু, পাঁচ নারী ও দুইজন পুরুষ ছিলেন।
পুলিশের ভাষ্য, ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি যাত্রী বহন করায় যানটি সড়কে চলাচলের ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি করছিল।
এ ছাড়া সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগে ছয়টি মোটরসাইকেলের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়। সব মিলিয়ে সাতটি মামলায় ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়।
রামগড় থানার ওসি মো: নাজির আলম বলেন, ‘অতিরিক্ত যাত্রী বহন শুধু আইন লঙ্ঘনই নয়, এটি যাত্রীদের জীবনের জন্যও বড় ঝুঁকি। সোনাইপুল চেকপোস্ট এলাকায় নিয়মিত তদারকির অংশ হিসেবে অভিযান চালানো হয়েছে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



