আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে পিরোজপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক–সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত কর্মকর্তা মনিকা আক্তারের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন—অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা ও মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরীন জাহান, সনাকের সভাপতি প্রফেসর খায়রুন নাহার রুবী, মহিলা পরিষদের সভানেত্রী খালেদা আখতার হেনা এবং ওয়ার্ল্ড ভিশনের সভানেত্রী নিন্দা দত্তসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবসের যে তাৎপর্য, তা যেন কেবল একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং প্রতিদিনের বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটাতে হবে। বর্তমান রাষ্ট্রব্যবস্থায় নারীরা সমাজের অর্ধেক শক্তি হলেও তারা এখনও বিভিন্ন ধরনের সহিংসতা ও বৈষম্যের শিকার হচ্ছেন।
বক্তারা আরো বলেন, নারীর পথচলা নিরাপদ ও মসৃণ করতে সমাজের সবাইকে সচেতন হতে হবে। নারীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের পাশাপাশি শিক্ষার ওপর জোর দিতে হবে। নারীদের আরও শিক্ষিত ও সচেতন হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।



