শেবাচিমের পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার

মৃত শিশুরা হলো— বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে আরাফাত মল্লিক (১০) এবং ভোলার চরফ্যাশন উপজেলার বেল্লালের ছেলে আকাশ (১০)।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Barishal

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের কেন্দ্রীয় মসজিদের সামনের পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (২৬ মে) রাত ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়।

মৃত শিশুরা হলো— বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে আরাফাত মল্লিক (১০) এবং ভোলার চরফ্যাশন উপজেলার বেল্লালের ছেলে আকাশ (১০)।

পারিবারিক সূত্রে জানা গেছে, আকাশ পরিবারের সাথে বরিশাল নগরীর বান্দরোড এলাকার চরের বাড়িতে বসবাস করত। মঙ্গলবার দুপুরে পরিবারের অজান্তে সে বাসা থেকে বের হয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে পরিবার জানতে পারে, মেডিক্যাল কলেজের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে আরাফাত বাবা-মায়ের সাথে ঢাকায় থাকত। ঈদুল আজহা উপলক্ষে সোমবার সে বরিশালে মামা সুরুজের বাসায় বেড়াতে আসে। মঙ্গলবার দুপুরে আকাশের ডাকে সাড়া দিয়ে বাসা থেকে বের হয় সে। পরে স্বজনরা জানতে পারেন, তারা দুজন একসাথে মেডিক্যাল কলেজের পুকুরে গোসল করতে গিয়েছিল।

বরিশাল নদী ফায়ার স্টেশনের টিম লিডার নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালায়। পরে দুই শিশুর লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।