বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান আজ শনিবার তার নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আসছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ১১ দলীয় জোটের পক্ষ থেকে এ উপলক্ষে এক প্রচার মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ নেন জামায়াতে ইসলামীর সিলেট মহানগরের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান, সেক্রেটারি মো: ইয়ামীর আলী, কুলাউড়া উপজেলা জামায়াতের আমির আব্দুল মুনতাজিম, নায়েবে আমির মোঃ জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুলাউড়া উপজেলার সিনিয়র যুগ্ম আ্বিায়ক শাহ আলম সরকার, বাংলাদেশ খেলাফত মজলিশ কুলাউড়া উপজেলা সভাপতি মাওলানা ইউনুস আহমদ, এনসিপি কুলাউড়ার সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাহিদুল ইসলাম রুমেলসহ জামায়াতসহ জোটের বিভিন্ন দলের নেতারা।
সমাবেশের প্রস্তুতি সম্পর্কে মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মো: ইয়ামির আলী বলেন, ‘শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন ডা: শফিকুর রহমান। এ দিন জামায়াত আমির সিলেট বিভাগে চারটি কর্মসূচির মধ্যে হবিগঞ্জ, সুনামগঞ্জ শেষ করে সিলেট আলিয়া মাদরাসা মাঠে জনসভায় অংশগ্রহণ করবেন।’
ইয়ামির আলী আরো জানান, নিজ জন্মভূমিতে আমিরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে কুলাউড়াসহ জেলার দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমাবেশ সফল করতে স্থানীয় জামায়াত ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, জামায়াত আমিরের আগমন উপলক্ষে সমাবেশস্থল পরিদর্শন করে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।



