ফেনী সদর উপজেলা যুবদল নেতা বদরুল আমীনের গরুর খামার থেকে একটি বিদেশী পিস্তল ও চারটি ম্যাগজিন উদ্ধার করেছে সেনাবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামের ডাক্তার সাহাব উদ্দিনের বাড়ি সংলগ্ন স্থানের গরুর খামার থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। এ সময় উপজেলা যুবদল সদস্য বদরুলের গরুর খামার থেকে একটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন ও একটি ছুরি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, খামার মালিক বদরুল সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদারুল আলমের প্রধান সহযোগী। গত দুইদিন ধরে দিদারুল আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকায় অস্ত্রটি বদরুলের খামারে নিয়ে রাখে।
ফেনীস্থ আর্মি ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, গরুর খামার থেকে উদ্ধারকৃত পিস্তলসহ অন্যান্য সামগ্রী ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে পিস্তল উদ্ধারের ঘটনা শুনেছি। এখনো বিস্তারিত জানা যায়নি।



