মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জ্বালানি তেলবাহী একটি ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে আখাউড়াগামী জ্বালানি তেলবাহী ট্রেনের একটি খালি বগি লাউয়াছড়া বনের ভেতরে লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পর বগিটি উদ্ধারে রেলওয়ের উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। উদ্ধার কার্যক্রমে ব্যবহারের জন্য হাইড্রোলিক টুলব্যান ঘটনাস্থলে আনা হচ্ছে।
শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।



