খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের এমপি লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার খালিয়াজুড়ির হাওর অঞ্চলে ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেছেন।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বিলবিলিয়া হাওরে হারবেস্টার মেশিনের মাধ্যমে তিনি এ ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন, জামায়াতের আমির মো: ইসমাইল হোসেন ও বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, কৃষক-শ্রমিকসহ বিপুলসংখ্যক উৎসুক জনতা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়ি উপজেলায় প্রায় লক্ষাধিক মানুষের বসবাস। সেখানে এ বছর ৮৯টি হাওরে প্রায় ২০ হাজার ২৩২ হেক্টর জমিতে ব্রি-২৮, ব্রি-২৯, উপশী ও হাইব্রিড জাতের বোরো ধান চাষ হয়েছে। এ উপজেলাটি অতি বৃষ্টিপ্রবণ এলাকা হওয়ায় জলাবদ্ধতার কারণে প্রায় ২৮৬ হেক্টর জমিতে আংশিক ফসলহানিসহ পাঁচ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। সেই কারণে বৃষ্টির কবল থেকে বাঁচতে হারবেস্টার মেশিনের মাধ্যমে দ্রুত সময়ে ধান কাটার উদ্যোগ নেয়া হয়েছে।
ধান কাটা উদ্বোধন শেষে, সন্ধ্যা ৬টার দিকে খালিয়াজুড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টুর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে লুৎফুজ্জামান বাবর বলেন, ‘এ বছর কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাবে। তাছাড়া, খাল খননের মাধ্যমে খাল-বিল, নদী-নালার নাব্যতা ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। দুর্নীতি প্রতিরোধ করে মাদক ও সন্ত্রাসমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়া হবে ইনশাআল্লাহ।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, ‘এ বছর ধানের ফলন ভালো হয়েছে। ধান কাটার মেশিন সরবরাহ করা হচ্ছে। ডিজেলের সরবরাহ নিশ্চিত করার জন্য পাশের মদন ও ইটনা উপজেলার নির্বাহী অফিসারের সাথে কথা হয়েছে, তাদের পাম্পে আমাদের জন্য পর্যাপ্ত তেল ডিজেল সংগ্রহ করে রাখা হবে। আমাদের কৃষক ও হারবেস্টার মেশিনের মালিকরা প্রয়োজন অনুযায়ী ডিজেল সংগ্রহ করতে পারবেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন বলেন, ‘উপজেলায় ধান কাটার জন্য প্রায় ২০০টি হারবেস্টার মেশিনের দরকার। কিন্তু বর্তমানে ১২৬টি হারবেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটা শুরু হয়েছে। বাকি মেশিন সরবরাহ করার জন্য সরকারিভাবে ও স্থানীয়ভাবে চেষ্টা চলছে। আশা করি এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় হারবেস্টার মেশিন পাওয়া যাবে।’
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাধারণ সম্পাদক ও খালিয়াজুড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার।
সভায় অংশ নেন জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো: সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম, উপজেলার সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, এলাকার কৃষক-শ্রমিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের জনসাধারণ।



