মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনা জেলার মদন উপজেলায় ১১ দলীয় জোটের উদ্যোগে (৫ আগস্ট) বুধবার সকাল ১১ ঘটিকায় জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
মদন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফরিদুল ইসলামের সঞ্চালনায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মদন উপজেলা শাখার আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গত সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ময়মনসিংহ মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জনাব আলহেলাল তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান) মাওলানা রুহুল আমিন, উপজেলা নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা হাফিজুর রহমান শামীম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল হাসনাত। এছাড়াও ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতিগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, জুলাইয়ে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে এবং বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এজন্য দেশের প্রতিটি অঞ্চলে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।



