পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার পূর্বধলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্টিয়ারিংয়ের সাথে আটকে গিয়ে রোমন মিয়া (৩৪) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে গোহালাকান্দা ইউনিয়নের ইসবপুর এলাকার পালেরঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক রোমন মিয়া নেত্রকোনার মদন উপজেলার হাঁসকুড়ি গ্রামের সবুজ মিয়ার ছেলে বলে জানা গেছে।
পূর্বধলার শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ময়মনসিংহ অভিমুখে যাওয়া একটি ট্রাক ও নেত্রকোনামুখী অপর একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের স্টিয়ারিংয়ের সাথে আটকে ময়মনসিংহমুখী ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন অন্য ট্রাকের আহত চালক ও হেলপারকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠান। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও পূর্বধলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ট্রাকে আটকে থাকা চালকের লাশ উদ্ধার করে। বর্তমানে নিহতের লাশ ও দুর্ঘটনাকবলিত ট্রাক দু’টি শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



