ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা : হোন্ডাসহ গ্রেফতার ৩

ঈশ্বরদীর ঐতিহাসিক পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
ঈশ্বরদী থানা, পাবনা
ঈশ্বরদী থানা, পাবনা |নয়া দিগন্ত

ঈশ্বরদীর ঐতিহাসিক পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পাকশী ফাঁড়ির অভিযানে একই স্থান থেকে এক সপ্তাহ আগে চুরি হওয়া আরো একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যার দিকে হার্ডিঞ্জ ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঈশ্বরদী উপজেলার যুক্তিতলা এলাকার মো. আরাফাত তার তিন বন্ধুকে নিয়ে একটি টিভিএস অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল ব্রিজের নিচে পার্কিং করে আশপাশের এলাকায় ঘুরতে যান। এ সুযোগে আগে থেকে ওত পেতে থাকা তিন ব্যক্তি মোটরসাইকেলটির তালা ভেঙে চুরির চেষ্টা চালায়।

এ সময় ঈশ্বরদী থানা পুলিশের গোয়েন্দা শাখা (ডিএসবি) থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নিয়মিত টহলরত পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই মো: হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজনদের আটক করেন। পরে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে মো: রোমান (২৫), সোনাইকান্দি গ্রামের সাইফুল ইসলাম চান্টুর ছেলে মো: আসিফ রহমান (১৮) এবং শীতলাপাড়া গ্রামের মৃত জুলাসেনের ছেলে কিশোর আপন (১৪)।

পুলিশ জানায়, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকা থেকে আগে চুরি হওয়া একটি টিভিএস ৪ভি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মোটরসাইকেলটি গত ১৭ জুলাই হার্ডিঞ্জ ব্রিজ এলাকার নিচ থেকে চুরি হয়েছিল।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশাদুর রহমান বলেন, ‘উদ্ধারকৃত মোটরসাইকেলসহ অন্যান্য আলামত পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।’

স্থানীয়দের দাবি, ঐতিহাসিক পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পর্যটক ও দর্শনার্থীদের আনাগোনা থাকায় মোটরসাইকেল চুরির ঘটনা রোধে নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।