মাধবদীতে কিশোরী ও তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মাধবদীতে এক কিশোরী ও এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আওলাদ হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মাধবদী (নরসিংদী) সংবাদদাতা

Location :

Narsingdi
ধর্ষণের অভিযোগে গ্রেফতার আওলাদ হোসেন (২৬)
ধর্ষণের অভিযোগে গ্রেফতার আওলাদ হোসেন (২৬) |সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে এক কিশোরী (১৩) ও এক বাকপ্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে আওলাদ হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ন্যাক্কারজনক ঘটনায় মাধবদী থানায় একটি নিয়মিত মামলা দায়েরের পর বুধবার দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়।

গ্রেফতার আওলাদ হোসেন সদর উপজেলার মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বরদেরকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মরহুম মোশারফ হোসেনের ছেলে।

জানা গেছে, গত সোমবার (২৯ জুন) দুপুরে আওলাদ হোসেন ২০ টাকার প্রলোভন দেখিয়ে একই গ্রামের ওই কিশোরীকে ফুসলিয়ে নিজের বসতঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এরপর ওই কিশোরীকে দিয়ে ডেকে এনে গ্রামের বাকপ্রতিবন্ধী তরুণীকেও একইভাবে ধর্ষণ করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী প্রতিবন্ধী তরুণী পুরো বিষয়টি তার মাকে ইশারা-ইঙ্গিতে খুলে বললে মঙ্গলবার ঘটনাটি এলাকায় জানাজানি হয়।

মঙ্গলবার রাতে ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা ১০-১২ জন এলাকাবাসীকে সাথে নিয়ে মাধবদী থানায় হাজির হয়ে আওলাদ হোসেনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাঠে নামে এবং বুধবার দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত আওলাদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বুধবার নির্যাতনের শিকার দুজনকে নরসিংদী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। এ ছাড়া ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।