নীলফামারীর ৪টি সংসদীয় আসনে ৫৬২টি ভোটকেন্দ্রে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৬৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে সব কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান নীলফামারী জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান।
তিনি বলেন, নির্বাচন ঘিরে প্রশাসনিকভাবে আমাদের সার্বিক পরিস্থিতি অনেক ভালো। ইতোমধ্যে আমরা ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছি। যেখানে যেমন সুবিধা বা অসুবিধা রয়েছে তা চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হয়েছে।
জেলা প্রশাসক বলেন, নতুন করে ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ পেয়েছেন। এছাড়া চারটি জুডিশিয়াল তদন্ত টিম রয়েছে। এতে আটজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজ করছেন।
তিনি বলেন, সকল বাহিনী দায়িত্ব বুঝে নিয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার বাহিনী কাজ করছে ও যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।
ভোটারদের কেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে আমরা সদা প্রস্তুত। কারণ একটাই- উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ-সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট আমরা উপহার দিতে চাই।
তিনি বলেন, কিছু কিছু ভোটকেন্দ্রে নির্বাচনের জন্য লাগানো সিসি ক্যামেরা চুরি হয়েছে। সেখানে নতুন করে ক্যামেরা স্থাপন করা হচ্ছে। যারা সিসি ক্যামেরা চুরি করেছে সেই দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
আইনশৃংঙ্খলা বাহিনীর তথ্য মতে, নীলফামারীর চারটি আসনের ৫৬২টি মধ্যে ঝুকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে ২৬৪টি। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৭১টি ও গুরুত্বপূর্ণ ১৯৩টি কেন্দ্র। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।
সূত্র জানায়, যে কেন্দ্রে ভোটার সংখ্যা বেশি, ইতোপূর্বে অগ্নিসংযোগ ও ভাঙচুর, বিগত নির্বাচনগুলোতে সহিংসতার ঘটনা, কেন্দ্র সীমানা প্রাচীর না থাকা, প্রার্থী বা রাজনৈতিক দলগুলোর প্রভাবশালী নেতার বাড়ি সংলগ্ন কেন্দ্র, দূরবর্তী ও জনবহুল এলাকাসহ বিভিন্ন দিক বিবেচনা করে এসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, নীলফামারী জেলায় ত্রয়োদশ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৮০ হাজার ৩০৬ জন। এর মধ্যে নারী ভোটার ৭ লাখ ৮৭ হাজার ২৮৯, পুরুষ ভোটার ৭ লাখ ৯৩ হাজার ০০৭ এবং তৃতীয় লিঙ্গ ভোটার ১০ জন। মোট ভোট কেন্দ্র ৫৬২টি ও ভোট কক্ষ ২ হাজার ২২৮টি।
নীলফামারী ৪ টি সংসদীয় আসনে ২৭ প্রার্থীর মধ্যে নীলফামারী-১ আসনে ৮ জন, নীলফামারী-২ আসনে ৬ জন, নীলফামারী-৩ আসনে ৪ জন ও নীলফামারী-৪ আসেন ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।



