লোহাগাড়ায় বিনামূল্যে এক হাজার রোগীকে চিকিৎসা সেবা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আব্দুল কাদের ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)
লোহাগাড়ায় বিনামূল্যে এক হাজার রোগীকে চিকিৎসা সেবা
লোহাগাড়ায় বিনামূল্যে এক হাজার রোগীকে চিকিৎসা সেবা |নয়া দিগন্ত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আব্দুল কাদের ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মাস্টার হাট এলাকায় দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অসহায় রোগীদের জন্য তৃতীয় বারের মতো বিনামূল্যে এই ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে আবদুল কাদের ফাউন্ডেশন নামে একটি সংগঠন।

দিনব্যাপী চলা এই ফ্রি চিকিৎসা ক্যাম্পে ১১ জন অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে মেডিসিন, ডেন্টাল,সার্জারি, বক্ষ ব্যাধি, চক্ষু, গাইনি, বাত-ব্যাথাসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়।

লোহাগাড়া রক্ত দান গ্রুপ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় ক্যাম্পে উপস্থিত ৩০০ জন ব্যক্তির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আয়োজকরা জানান, গ্রামের বেশিরভাগ গরীব ও স্বল্প আয়ের মানুষ আর্থিক সমস্যার কারণে ফি দিয়ে ডাক্তার দেখাতে পারেন না। তাই এসব অসহায় ও গরীব মানুষকে স্বাস্থ্যসেবা দিতে এই ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে।

দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, লোহাগাড়া থানার ওসি আবদুল জলিল, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, আবদুল কাদের ফাউন্ডেশনের পরিচালক ও কৃষি উদ্যোক্তা আব্দুল্লাহ মো: শরীফ।