মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদনে উপজেলা প্রশাসনের উদ্যোগে মৎস্য অভিযান ও মোবাইল কোর্টে আনুমানিক প্রায় এক লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার উচিতপুর হাওরে এ অভিযান পরিচালনা করা হয়।
পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদের সামনে জনসমক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, সহকারী মৎস্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম জানান, মৎস্যসম্পদ রক্ষায় এবং অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে আজ এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে আনুমানিক ১ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে এগুলো উপজেলা পরিষদের সামনে জনসমক্ষে ধ্বংস করা হয়েছে। মৎস্যসম্পদ রক্ষার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



