চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জহুরুল আনোয়ার (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৬টার দিকে পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া হামজার টিলাস্থ নিজ বাসভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জহুরুল আনোয়ার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মরহুম ফজল করিমের ছেলে। তিনি প্রায় দুই যুগ ধরে হামজার টিলায় নিজস্ব জায়গায় বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত থেকে শনিবার সকাল সাড়ে ৬টার মধ্যে পরিবারের অগোচরে তিনি বসতঘরের সিঁড়ি রুমের রেলিংয়ে রশি দিয়ে গলায় ফাঁস দেন। সকালে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তার নিথর দেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের ছোট ছেলে খালেদ বিন আনোয়ার জানান, সম্প্রতি তার বাবা এক আত্মীয়ের কাছে কিছু জায়গা বিক্রি করেছিলেন। সেই জায়গা সংক্রান্ত জটিলতা নিয়ে তিনি বেশ কয়েকদিন ধরে মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। তবে জায়গা রেজিস্ট্রেশন করেছে কি না জানা নেই। এছাড়া অন্যকোনো সমস্যা বা পারিবারিক কলহ ছিল না।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, তিনি জায়গা জমি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।



