উলিপুরে রমজানে বাজার নজরদারি জোরদারে বিশেষ উদ্যোগ

উলিপুর বাজারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মজুতদারি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং কৃত্রিম সঙ্কট সৃষ্টির যে কোনো অপচেষ্টা রুখে দিতে কার্যকর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়।

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা কমিটির মাসিক বৈঠক
উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা কমিটির মাসিক বৈঠক |নয়া দিগন্ত

কুড়িগ্রামের উলিপুরে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ লক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মাহবুবুল আলম সালেহী। বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়াসহ বিভিন্ন দফতরের প্রতিনিধিরা।

এ সময় আসন্ন রমজান উপলক্ষে ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে বাজার তদারকি বাড়ানোর ওপর জোর দেয়া হয়। বিশেষ করে উলিপুর বাজারে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মজুতদারি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং কৃত্রিম সঙ্কট সৃষ্টির যে কোনো অপচেষ্টা রুখে দিতে কার্যকর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়।

এছাড়াও সভায় মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির পুনরুল্লেখ করা হয়। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। উলিপুর পৌর শহরের প্রধান সড়কগুলোতে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে সমন্বিত পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা করা হয়। ফুটপাত ও সড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্তকরণ ও পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি যান চলাচল নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনপ্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয় আরো জোরদার করতে হবে।’

রমজান মাসে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, ‘জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান জানান, জনস্বার্থে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং ও যানজট নিরসনে প্রশাসনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।