হাদির মাগফিরাত কামনায় সিলেটে জামায়াতের দোয়া মাহফিল

‘হামলা ও শাহাদাতের ভয় দেখিয়ে তরুণ প্রজন্মকে দমিয়ে রাখা যাবে না। হাদির হত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে শহীদ শরিফ ওসমান হাদি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাদির মাগফিরাত কামনায় সিলেটে জামায়াতের দোয়া মাহফিল
হাদির মাগফিরাত কামনায় সিলেটে জামায়াতের দোয়া মাহফিল |নয়া দিগন্ত

আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সাহসী কণ্ঠ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাইযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় সিলেটে দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ পর নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে শহীদ ওসমান হাদির শাহাদাত কবুলিয়াত ও জান্নাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারীদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে অংশ নেন সিলেট মহানগরী ও বিভিন্ন থানা-ওয়ার্ড-ইউনিট জামায়াতের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক জনশক্তি ছাড়াও বিপুলসংখ্যক মুসল্লী।

মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। মোনাজাত পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ নুরুজ্জামান আল মাদানী।

মাহফিল-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ন্যাক্কারজনক দৃষ্টান্ত স্থাপন হয়েছে। এর মাধ্যমে জুলাইযোদ্ধাদেরকে ভীত-সন্ত্রস্ত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিস্ট সরকারমুক্ত হলেও তাদের দোসররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের সর্বশেষ টার্গেটের শিকার হয়েছেন আমাদের ভাই ওসমান হাদি।’

তিনি বলেন, ‘হামলা ও শাহাদাতের ভয় দেখিয়ে তরুণ প্রজন্মকে দমিয়ে রাখা যাবে না। হাদির হত্যার সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে শহীদ শরিফ ওসমান হাদি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়নে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আরো বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোকে ক্ষমতায় নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে। পতিত হাসিনার ষড়যন্ত্র থেকে মাতৃভূমিকে রক্ষায় দেশপ্রেমিক জনতাকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।’

মাহফিলে উপস্থিত ছিলেন— মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, বায়তুলমাল সেক্রেটারি মুফতী আলী হায়দার, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, ক্বারী আলাউদ্দিন, মাওলানা মুজিবুর রহমান, মুহাম্মদ আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম মজুমদার, শফিকুল আলম শফিক, শামীম আহমদ, শাহেদ আলী, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি শাহীন আহমেদ প্রমুখ।