মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে মোট ১৫৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে মতলব উত্তরে ৯৮টি ও মতলব দক্ষিণে ৫৭টি কেন্দ্র রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই আসনের ২২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মতলব উত্তরে ১৪টি ও মতলব দক্ষিণে রয়েছে আটটি কেন্দ্র।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এই আসনে সব ধরনের প্রচার-প্রচারণা ইতোমধ্যে শেষ হয়েছে এবং ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে সব ভোটকেন্দ্র। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ কার্যালয় থেকে সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী। প্রশাসনের তত্ত্বাবধানে এসব সরঞ্জাম নিরাপত্তার সাথে কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যমতে, চাঁদপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ এক হাজার ৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৬ হাজার ৫০০ জন, নারী ভোটার দুই লাখ ৪৪ হাজার ৫৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দু’জন। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। গণঅধিকার পরিষদের প্রার্থী (ট্রাক প্রতীক) গোলাফ হোসেন বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
বর্তমানে মাঠে সক্রিয় প্রধান প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির ড. মোহাম্মদ জালাল উদ্দিন (ধানের শীষ), ১১ দলীয় জোট ও এলডিপির প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজি (ছাতা), ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মনসুর আহমেদ সাকি (হাতপাখা) ও বাংলাদেশ রিপাবলিকান পার্টির ফয়জুন্নুর আখন (হাতী)।
ভোটগ্রহণকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারিতে থাকবে সিসি ক্যামেরা। নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে প্রচার শেষ হওয়ায় ভোটারদের মধ্যে চলছে চূড়ান্ত হিসাব-নিকাশ। স্থানীয়রা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সব মিলিয়ে চাঁদপুর-২ আসনে ভোটের দিন ঘিরে উৎসবমুখর আবহ বিরাজ করছে এবং ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটগ্রহণকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ও নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় ভোটগ্রহণ হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।



