আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট, রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নের এক হাজার ৫০০ পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ও দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী বন্যাকবলিত এলাকায় দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমও দ্রুত শুরু করা হবে।’
তিনি আরো বলেন, ‘পানি নেমে গেলে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’ এ সময় দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
পরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত দলীয় নেতাকর্মীদের পরিবারের সদস্যদের মাঝে বিশেষ সম্মাননা হিসেবে গরু ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মুহম্মদ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনীতা দাস, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
জেলা প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে সব পরিবারকে সরকারি সহায়তার আওতায় আনা হবে।



