মহেশপুরে ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিজিবির একটি টহল দল সীমান্তে টহলরত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে। সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে লাশটি পড়ে ছিল।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Maheshpur
সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার |প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ইছামতি নদীর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নদীর পাড়ের ধানক্ষেতের পাশে কাঁদাপানি মাখা অবস্থায় ওই লাশ উদ্ধার করে মহেশপুর থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, বিজিবির একটি টহল দল সীমান্তে টহলরত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে। সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে লাশটি পড়ে ছিল। পরে মহেশপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

থানা পুলিশ ও বিজিবির পৃথক সূত্র জানিয়েছে, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। স্থানীয় কোনো ব্যক্তি নিখোঁজ আছে বলেও কোনো অভিযোগ থানা পুলিশ ও বিজিবির কাছে নেই। লাশ উদ্ধারের পরে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পরে লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, অজ্ঞাত লাশটি বাংলাদেশের অভ্যন্তরে পড়ে ছিল। গত কয়েকদিনে মহেশপুর বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় কোনো গুলির ঘটনা ঘটেনি। যেহেতু লাশটি জিরো লাইনের ৫০ গজ দূরে বাংলাদেশের ভেতরে পাওয়া গেছে। কাজেই এটি সীমান্তকেন্দ্রিক ঘটনা কি-না তা আমরা নিশ্চিত নই। তবে উদ্ধারকৃত লাশের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।