সিলেটে লেবুর দামে সেঞ্চুরি, কাচামরিচ ৩০০

অথচ গত সপ্তাহে বাজারে প্রতিহালি লেবু ৩০-৫০ টাকা, শসা ৪০-৫০ টাকা ও কাচামরিচ ১২০-১৫০ টাকা। রোজাকে সামনে রেখে এক সপ্তাহের ব্যবধানে পণ্যগুলোর দামও বেড়েছে অস্বাভাবিক হারে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ছবি : নয়া দিগন্ত

দরজায় কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান। এদিকে রোজা শুরুর আগেই সিলেটে অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে লেবুর দাম। একইসাথে বেড়েছে কাচামরিজ ও শসার দামও।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটের বাজারে প্রতিহালি লেবু ১০০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। আর প্রতিকেজি শসা বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। কাচামরিচের দাম ৩০০ টাকা ছাড়িয়ে গেছে।

অথচ গত সপ্তাহে বাজারে প্রতিহালি লেবু ৩০-৫০ টাকা, শসা ৪০-৫০ টাকা ও কাচামরিচ ১২০-১৫০ টাকা। রোজাকে সামনে রেখে এক সপ্তাহের ব্যবধানে পণ্যগুলোর দামও বেড়েছে অস্বাভাবিক হারে। রোজা শুরুর আগেই বাজারের উত্তাপে ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, রমজান শুরু হলে দাম আরো বাড়তে পারে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট নগরীর বন্দরবাজার, আম্বরখানা, সুবিদবাজার ও মদিনা মার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, ছোট আকারের প্রতিহালি লেবু ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। মাঝারি ও বড় আকারের লেবুর হালি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। তাছাড়া বেড়েছে শসার দামও। বাজারে প্রতিকেজি শসা বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। গত সপ্তাহে বিক্রি হয়েছিল ৪০ থেকে ৫০ টাকায়। এছাড়াও ইফতার ও সেহরিতে প্রয়োজনীয় অন্যান্য সবজির দামও বাড়তে শুরু করেছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা বলেন, স্থানীয়ভাবে পণ্যের দাম বাড়লে আমরা ব্যবস্থা নিতে পারি। কিন্তু এসব পণ্যের দাম কেন্দ্রীয়ভাবে বেড়েছে। ফলে আমরা তেমন কোনো পদক্ষেপ নিতে পারছি না। তবে আমাদের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। আমরা পাইকারী ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। এবার খুচরা বিক্রেতাদের সাথেও কথা বলবো। অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে।