খাগড়াছড়ি সংসদীয় আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সদস্য সমীরণ দেওয়ানকে বহিষ্কার করা হয়েছে। দলের কাছে মনোনয়ন চেয়ে না পেয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করায় তাকে বহিষ্কার করা হয়।
রোববার (০১ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলের প্রাথমিক পদসহ তাকে বিএনপি থেকে বহিষ্কারের কথা জানান বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
খাগড়াছড়ি আসনে দলীয় মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
২০০৮ সালে সমীরণ দেওয়ান বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় হন। তিনি অভিযোগ করেন, দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে ওয়াদুদ ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করতে না পেরে তার ভাতিজা দাউদুল ইসলাম ভূঁইয়াকে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে তার নিশ্চিত বিজয় ঠেকিয়ে দেন।
নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছেন উল্লেখ করে বহিষ্কারের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।



