সিলেট-ওসমানীনগরে চুরির গরু দিয়ে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ইফতার পার্টির আয়োজনের সংবাদ দেশের বিভিন্ন শীর্ষ স্থানীয় গণমাধ্যমে প্রচার হলে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাজ্য প্রবাসী ওই নেতা বিদেশে চলে যান। এরপর থেকে তার অনুসারীরা সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার করছেন।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে দৈনিক জালালাবাদ ও নয়া দিগন্ত পত্রিকার ওসমানীনগর উপজেলা প্রতিনিধি এবং ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মো: মুহিব হাসানের ছবি ব্যবহার করে ওসমানীনগর টাইমস নামক একটি ফেইসবুক পেইজে পশ্চিম পৈলনপুর ইউনিয়ন যুবলীগের সদস্য সুয়েব আহমদ বিষদগার, কুৎসা রটনা করে একটি লেখা প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে ২৮ ফেব্রুয়ারি রাতে সাংবাদিক মো: মুহিব হাসান যুবলীগ কর্মী সুয়েবকে অভিযুক্ত করে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
অন্যদিকে উপজেলার বিভিন্ন এলাকার অনেক আলেম এ প্রতিবেদককে কল করে নাম প্রকাশ না করার শর্তে বলেন, চুরির গরু জবাই করে গলমুকাপন নামক একটি আলেম অধ্যুষিত গ্রামে ইফতারের আয়োজন অত্যন্ত দুঃখজনক। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সাংবাদিকদের নামে অপপ্রচার করা হলে তাদের প্রচারকৃত লিঙ্কেই এ ঘটনার নিন্দা প্রকাশ করেছেন বিশিষ্টজনরা। এবং পবিত্র রমজান মাসে এমন ন্যাক্কারজনক কাজের প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরা।
দৈনিক জালালাবাদ ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি ও ওসমানীনগর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: মুহিব হাসান বলেন, ‘চুরির গরু দিয়ে ইফতার পার্টির সংবাদ প্রকাশের পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের পশ্চিম পৈলনপুর ইউনিয়ন কমিটির সদস্য সুয়েব আহমদ তার ফেইসবুক পেইজে আমার নামে মিথ্যা বানোয়াট ও কাল্পনিক কুৎসা রটনা ও বাজে মন্তব্য প্রচার করছে। চুরির গরুর নিউজ প্রকাশ হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে আমাকে হুমকি ধামকি দিচ্ছে। আমি আইনি প্রতিকার পেতে ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি করেছি এবং বিষয়টি আইনিভাবে মোকাবেলা করতে সিনিয়র আইনজীবীদের সাথে পরামর্শ করছি।’
ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ মো: মুরশেদুল আলম ভূইয়া বলেন, ‘পত্রিকায় সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন সাংবাদিক একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’
প্রসঙ্গত গত ৫ রমজান লমুকাপন মাদরাসার পূর্বের মাঠ থেকে একই গ্রামের নাজমুল ইসলামের একটি ষাঁড় গরু চুরি হয়। ৬ রমজান একই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মধু মিয়ার বাড়িতে ইফতারে চুরির গরুর গোশত পরিবেশন করা হয়। ৮ রমজান রাত ১১টার দিকে মধু মিয়ার বাড়িতে এক সালিসি বৈঠকে সিসিটিভি দেখে প্রবাসীর কেয়ারটেকার সাঈদীকে দোষী সাব্যস্ত করে গরুর মালিক নাজমুলকে ৭০ হাজার টাকা প্রদান করে বিষয়টি নিষ্পত্তি করা হয়।



