মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাঠে ঘাস খাওয়ার সময় বজ্রপাতে ১৩টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়েছে। মারা যাওয়া গরু-মহিষের মালিকরা সবাই চা বাগানের দরিদ্র শ্রমিক। এ ঘটনায় তারা হতবিহ্বল হয়ে পড়েছেন।
বুধবার (৩ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগান ও পাথরটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত গবাদিপশুর মালিকরা হলেন, কুচাই চা বাগান এলাকার রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই চা বাগান এলাকায় মাঠে গরুগুলো ঘাস খাচ্ছিল। এমন সময় তীব্র বজ্রপাত হলে ১৩টি গরু ঘটনাস্থলেই মারা যায়। একই সময়ে পাথরটিলা এলাকায় একটি মহিষও বজ্রপাতে মারা যায়।
এ সময় গরু ও মহিষের মালিকরা ওই এলাকায় অবস্থান করলেও ভাগ্যক্রমে তারা বেঁচে যান।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। বজ্রপাতে একসাথে ১৩টি গরু ও একটি মহিষ মারা গেছে। যাদের গবাদিপশু মারা গেছে তারা সবাই খুব গরীব ও অসহায়।’



