ব্রাহ্মণবাড়িয়ায় ৬ লাখ টাকার ঈদ সামগ্রী পেলো ৫০০ পরিবার

বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল- পাঁচ কেজি চাল, এক কেজি আটা, এক লিটার তেল, পোলাও চাল, মসুর ডাল, লবণ, চিনি, সেমাইসহ ১০ ধরনের খাদ্যসামগ্রী।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ঈদ সামগ্রী বিতরণ
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ঈদ সামগ্রী বিতরণ |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ অসচ্ছল পরিবারের মাঝে প্রায় ছয় লাখ টাকার ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ এম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার শাহ মো: আব্দুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।

স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়াস্থ প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদাৎ হোসেন।

বক্তারা বলেন, মানবিক ডাকে সাড়া দিয়ে মজিদ-নাহার ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে এলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল- পাঁচ কেজি চাল, এক কেজি আটা, এক লিটার তেল, পোলাও চাল, মসুর ডাল, লবণ, চিনি, সেমাইসহ ১০ ধরনের খাদ্যসামগ্রী।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রবাসী মনির হোসেন হিটুর আর্থিক সহায়তায় গড়ে ওঠা মজিদ-নাহার ফাউন্ডেশনটি গত ১৫ বছর ধরে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।