ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেল (৪০) নামের এক মাছ চাষিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
ঘটনাটি গত রোববার (২৬ জুলাই) রাতে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বাঘবেড় গ্রামে নিজ ফিসারির সামনে ঘটে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোফাচ্ছেলের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়া বিরোধের জেরে মাছ চাষি মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেলকে রোববার রাতে বাড়ি থেকে মোবাইলে ডেকে নিয়ে নিজের ফিসারিতে প্রতিপক্ষ ত্রিশাল উপজেলার সোমপাড়া মড়লবাড়ি গ্রামের তোফাজ্জল হোসেন ওরফে তপন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতরভাবে আহত করে।
এসময় মোফাচ্ছেলের ডাক-চিৎকারে বাড়ির লোকজন দৌড়ে এলে তপন পালিয়ে যায়। পরে স্বজনরা রক্তাক্ত জখম অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তার স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার তার মৃত্যু হয়।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) মো: মশিউর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আসামি গ্রেফতারে চেষ্টা চলছে।’



