নিজ গ্রামে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত জামায়াত আমির

সকাল সাড়ে ১১টার দিকে সিলেট শহর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে নিজ বাড়িতে পৌঁছালে সেখানে আগে থেকেই কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহপাঠী, বন্ধু-বান্ধব, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো
কুলাউড়ার নিজ গ্রামে দল-মত নির্বিশেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানানো হয়
কুলাউড়ার নিজ গ্রামে দল-মত নির্বিশেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানানো হয় |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরাবাজার এলাকার ছায়া ঢাকা পাখি ডাকা নিরিবিলি কৃষ্ণপুর গ্রাম। সোমবার (২৩ মার্চ) এ কৃষ্ণপুর গ্রাম এক ব্যতিক্রমী আবেগঘন পরিবেশের সাক্ষী হয়েছে। জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে এক নজর দেখতে ও ঈদের শুভেচ্ছা জানাতে হাজারো মানুষের ঢল নামে তার নিজ বাড়িতে।

এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ শুভেচ্ছা বিনিময়। এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ডা. শফিকুর রহমান। এসময় অনেকে তাঁকে জড়িয়ে ধরেন, কোলাকুলি করেন এবং স্মরণীয় মুহূর্ত ধরে রাখতে ছবি তোলায় ব্যস্ত হয়ে ওঠেন।

সকাল সাড়ে ১১টার দিকে সিলেট শহর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে নিজ বাড়িতে পৌঁছালে সেখানে আগে থেকেই কয়েক হাজার মানুষের সমাগম ঘটে। পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহপাঠী, বন্ধু-বান্ধব, প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

পরে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। এসময় সম্মাননা ক্রেস্ট ও স্মারকলিপি প্রদান করেন ‘ভাটেরিয়ান সিলেট’-এর নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, সেক্রেটারি মুহাম্মদ ইয়ামির আলী, হবিগঞ্জ জেলা আমির মখলিছুর রহমানসহ দলীয় ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারাও উপস্থিত ছিলেন।

পরবর্তীতে ডা. শফিকুর রহমান উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি সমসাময়িক জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং দেশবাসীর কল্যাণ কামনা করেন।

অনুষ্ঠান শেষে আমিরে জামায়াতের পক্ষ থেকে আগত অতিথিদের আপ্যায়ন করা হয়।