ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে আহত ২

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান।

সীমান্তে চোরাচালান এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে
সীমান্তে চোরাচালান এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে |ইউএনবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার বিপরীত পাশে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান।

গুলিবিদ্ধ দু’জন হলেন কসবার শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো: রবিউল ইসলাম (২৮) এবং মো: আজাদ হোসেন (২৬)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে শঙ্কামুক্ত বলে জানা গেছে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, রাত দেড়টার দিকে কমপক্ষে ছয়জন ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে প্রায় দেড় শ’ গজ পর্যন্ত ঢুকে পড়েন। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে রবিউল ও আজাদ আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে গরু, মসলা, প্রসাধনী ও পটকাবাজি পাচারে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারিরা। সীমান্তে চোরাচালান এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিজিবি কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সূত্র : ইউএনবি