ভারী বর্ষণে তলিয়ে গেছে নোয়াখালী জেলা শহর

‘গত ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানান তিনি।’

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে জেলা প্রশাসকের কার্যালয়
টানা বৃষ্টিতে তলিয়ে গেছে জেলা প্রশাসকের কার্যালয় |নয়া দিগন্ত

ভারী বর্ষণে তলিয়ে গেছে নোয়াখালী জেলা শহর। গত ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে নোয়াখালী আবহাওয়া বিভাগ।

বুধবার (৯ জুলাই) দেখা গেছে, গত তিন দিনের টানা বৃষ্টির পানিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার কার্যালয়ের সামনে, মৎস্য ভবন, ফায়ার সার্ভিস, জেলা সশস্ত্র বাহিনী র্বোডসহ গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে পানিতে তলিয়ে গেছে।

জানা গেছে, টাউন হল মোড়, ইসলামিয়া সড়ক, মহিলা কলেজ সড়ক, নোয়াখালী কলজে সড়ক জেলখানা সড়ক, মাইজদী বাজার সড়ক, বাড়িঘর ও কিছু শিক্ষা প্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে। এছাড়া জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী পৌরসভার অধিকাংশ সড়ক পানিতে ডুবে গেছে।

এছাড়া জেলা সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখলি, সেনবাগ, কোম্পানীগঞ্জ, কবরিহাট, সুবর্ণচর, হাতিয়াসহ নয়টি উপজেলার অনেক রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়ছে মানুষরা। এভাবে ভারী বর্ষণ অব্যাহত থাকলে বন্যার হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১২টার দিকেও টানা বৃষ্টি অব্যাহত রয়েছে।

আবহাওয়া অফিসের কর্মকর্তা মো: রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, গত তিন দিনে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ায় অনেক রাস্তাঘাট পানিতে ডুবে গেছে।