গাজীপুরে পোশাক কারখানার সীমানা প্রাচীরের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

‘গত কয়েক দিনের ভারী বর্ষণের ফলে সীমানা প্রাচীরের নিচু জমিতে পানি জমে থাকে। এতে করে সীমানা প্রাচীরের নিচে থাকা বালি সরে গিয়ে দেয়াল ধসে পড়ে সুপারভাইজার বিল্লাল হোসেন নিচে চাপা পড়ে আহত হন।’

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
তাকওয়া ফেব্রিক্স পোশাক কারখানার দেয়াল ধরে প্রাণ গেল কর্মকর্তার
তাকওয়া ফেব্রিক্স পোশাক কারখানার দেয়াল ধরে প্রাণ গেল কর্মকর্তার |নয়া দিগন্ত

গাজীপুরের শ্রীপুরে পৌরসভার বহেরারচালা এলাকায় একটি পোশাক কারখানার সীমানা প্রাচীরের নিচে চাপা পড়ে বিল্লাল হোসেন (৩২) নামে ওই কারখানার একজন সুপারভাইজার নিহত হয়েছেন।

রোববার (১৭ আগস্ট) এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন নাটোরের বড়াইগ্রাম উপজলোর নওপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি স্ত্রী ও আড়াই বছরের মেয়েসহ হযরত আলীর বাড়িতে ভাড়া থেকে স্থানীয় লানতাবুর গ্রুপের তাকওয়া ফেব্রিক্স পোশাক কারখানার মেইন্টেনেন্স (রক্ষণাবেক্ষণ) সেকশনের সুপারভাইজার হিসেবে প্রায় ১০ বছর যাবত কর্মরত ছিলেন।

লানতাবুর গ্রুপের হিসাব বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মাহফুজুর রহমান জানান, ‘গত কয়েক দিনের ভারী বর্ষণের ফলে সীমানা প্রাচীরের নিচু জমিতে পানি জমে থাকে। এতে করে সীমানা প্রাচীরের নিচে থাকা বালি সরে গিয়ে দেয়াল ধসে পড়ে সুপারভাইজার বিল্লাল হোসেন নিচে চাপা পড়ে আহত হন। কারখানার ব্যবস্থাপনায় দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। কারখানার পক্ষ থেকে নিহত শ্রমিকের দাফন-কাফনসহ শ্রম আইন অনুযায়ী সকল পাওনা পরিশোধ করা হবে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ‘নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে লাশের ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’