চৌদ্দগ্রামে লরি উল্টে স্কুলছাত্র নিহত, আহত ১

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
চৌদ্দগ্রামে সড়কে উল্টে পড়া লরি ও নিহত স্কুলছাত্র জিহান
চৌদ্দগ্রামে সড়কে উল্টে পড়া লরি ও নিহত স্কুলছাত্র জিহান |নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে লরি উল্টে এক স্কুলছাত্র নিহত ও অপর এক ছাত্রী গুরুতর আহত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ ঘটনা ঘটে।

নিহত জিহান হোসাইন(১০) আমানগন্ডা গ্রামের উত্তর পাড়ার সাধু বাড়ির কুয়েত প্রবাসী আবুল হাশেমের ছেলে । আহত ছাত্রী একই বাড়ির আবু তাহেরের মেয়ে তানিসা আক্তার(১১)। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচা আবুল কাশেম।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার সকাল সাড়ে নয়টায় আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জিহান হোসাইন ও তানিসা আক্তার বিদ্যালয়ের উদ্দেশ্যে মহাসড়কের চট্টগ্রামমুখী সড়কের পশ্চিম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলে জিহান নিহত ও তানিসা গুরুতর আহত হয়। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ছাত্রীকে উদ্ধার শেষে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ির একাংশ উদ্ধার শেষে থানায় নিয়ে যায়।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ছাত্রীকে উদ্ধার শেষে হাসপাতালে নেয়া হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাহাব উদ্দিন বলেন, ‘পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করেছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে’।