লালপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ভ্যানচালক নিহত

লালপুরগামী ব্যাটারিচালিত অটোভ্যানকে একই দিকে যাওয়া ইঞ্জিনচালিত ভটভটি পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ ভ্যানচালক জাফর আলী পাকা রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ভ্যানচালক নিহত
সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ ভ্যানচালক নিহত |প্রতীকী ছবি

নাটোরের লালপুরে ইঞ্জিনচালিত ভটভটি গাড়ির ধাক্কায় জাফর আলী (৭০) নামে এক বৃদ্ধ ভ্যানচালক নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক জাফর আলী উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের মরহুম আব্দুল রহিমের ছেলে।

লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, লালপুরগামী ব্যাটারিচালিত অটোভ্যানকে একই দিকে যাওয়া ইঞ্জিনচালিত ভটভটি পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ ভ্যানচালক জাফর আলী পাকা রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় মাথাসহ তার ডান কান ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ জাফর আলীকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর গরুভর্তি ভটভটিসহ চালককে থানা হেফাজতে নেয় পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ভটভটিচালক থানা হেফাজতে আছেন। নিহতের পরিবার এ ব্যাপারে অভিযোগ করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।