নলডাঙ্গার হালতিবিলে বিএনপি নেতার নেতৃত্বে উচ্চ শব্দে গানবাজনা, প্রশাসনের অভিযান

নাটোরের নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে অশালীন গানবাজনা ও শব্দদূষণের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

Location :

Natore
নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা বন্ধে প্রশাসনের অভিযান
নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা বন্ধে প্রশাসনের অভিযান |নয়া দিগন্ত

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

নাটোরের নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে অশালীন গানবাজনা ও শব্দদূষণের অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় হালতিবিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গার মাধনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মাধনগর ইউপি চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান বিটল মহুরীর নেতৃত্বে হালতিবিল এলাকায় উচ্চ শব্দে অশালীন গানবাজনা চলছিল।

স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানালে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উচ্চ শব্দে গানবাজনা বন্ধের নির্দেশ দেয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। এ ঘটনায় কোনো জরিমানা করা হয়নি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, হালতিবিল এলাকায় উচ্চ শব্দে অশালীন গানবাজনা ও শব্দদূষণের বিষয়টি নিয়মিত মনিটরিং করা হবে। জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শামীম হোসেন বলেন, ‘উচ্চ শব্দে গানবাজনার কারণে যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সে জন্য সতর্ক করা হয়েছে। বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং করা হবে।’